আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ-৩১)-এর প্রস্তুতি পর্যালোচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের গঠন, কারিগরি অবস্থান এবং ক্ষতিপূরণ তহবিল (লস অ্যান্ড ড্যামেজ ফান্ড) দ্রুত কার্যকরের দাবি বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা হয়। প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশকে কোনো ঋণের ফাঁদে না ফেলে অনুদানভিত্তিক ও জবাবদিহিতামূলক বৈশ্বিক অর্থায়ন নিশ্চিত করতে হবে।
এছাড়া সম্মেলনে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের ব্যবহার বিশ্বমঞ্চে তুলে ধরা এবং শ্রমিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় ‘জাস্ট ট্রানজিশন’ নীতি কার্যকরের ওপর গুরুত্বারোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
