এক বছর নিয়মিত মেয়াদ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) তাদের বার্ষিক কার্যক্রম ও জবাবদিহিতা প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করেছে। ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিপি শাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ এই প্রতিবেদন উপস্থাপন করেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আবাসন সংকট নিরসন, হলে ছারপোকা দমন, লাইব্রেরির সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থী কল্যাণ তহবিলের মাধ্যমে গত এক বছরে ৪১টি খাতে এক হাজারের বেশি উদ্যোগ বাস্তবায়ন করেছে ডাকসু। তবে বিশ্ববিদ্যালয়ের আমলাতান্ত্রিক অসহযোগিতা ও বাজেট স্বল্পতা তাদের কাজের গতিকে কিছুটা বাধাগ্রস্ত করেছে বলে অভিযোগ করা হয়।
ডাকসু নেতারা স্পষ্ট জানান, গঠনতন্ত্র অনুযায়ী ৯০ দিন অতিরিক্ত দায়িত্বে থাকার সুযোগ থাকলেও তারা মেয়াদ বাড়াতে চান না। ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে অবিলম্বে পরবর্তী ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার জন্য তারা উপাচার্যের প্রতি জোর দাবি জানিয়েছেন।
