মৌসুমি বৃষ্টিপাত ও এডিস মশার প্রজনন অনুকূল থাকায় সেপ্টেম্বর মাসে সারাদেশে ডেঙ্গু সংক্রমণ মারাত্মক রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, মাসের প্রথম ১৭ দিনেই ৭৯ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৫৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪৮৪ জন নতুন রোগী বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালেই ভর্তি রোগীর সংখ্যা প্রায় অর্ধেক।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সব হাসপাতালে পর্যাপ্ত আইভি ফ্লুইড ও পরীক্ষার কিট মজুদের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে জ্বর হলে ঘরে বসে না থেকে প্রথম দিনেই এনএস-১ রক্ত পরীক্ষা করানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
